গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় এক কোটি টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তারা অস্ত্রের মুখে বন্দী করে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে।
গত ১৪ এপ্রিল মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকার ‘মাল্টি পয়েন্ট বিডি’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনায় পরদিন থানায় মামলা করা হলেও শনিবার বিকেল পর্যন্ত পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিষয়টি প্রকাশ না করার পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে তিন থেকে চারজন দুর্বৃত্ত ওই এলাকার রিয়াজ টাওয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত মাল্টি পয়েন্ট বিডিতে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অস্ত্রের মুখে বন্দী করে এলোপাথাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের ভল্টে থাকা ৯৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ একরামুল হক পরদিন বাসন থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে একরামুল হক বলেন, ‘থানায় মামলা করা হলেও শনিবার বিকেল পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে বিষয়টি গণমাধ্যম কর্মীদের না জানানোর অনুরোধ করেন।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায়সার আহমদ বলেন, ‘টাকা লুটের পর থেকে প্রতিষ্ঠানের সন্দেহভাজন এক সুপারভাইজার পলাতক রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’