গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কের ওপর ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) সংলগ্ন উড়াল সড়কে ঘটনাটি ঘটে।
টঙ্গী পশ্চিম থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই যুবকের নাম রনজু খাঁ (৩০)। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। তার বাড়ি পাবনার সদর উপজেলার মজিদপুর গ্রামে।
রনজুর ছোট ভাই শরিফুল ইসলাম জানান, রনজু খাঁ সপরিবারে টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। তিনি উত্তরায় এক ব্যক্তির ব্যক্তিগত গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেলযোগে তিনি টঙ্গীর সাতাইশ থেকে কর্মস্থল উত্তরায় যাওয়া-আসা করতেন। শুক্রবার কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টার দিকে উড়াল সেতুর ওপর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) সংলগ্ন এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে তার লাশ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর জানান, ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।