কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে একসাথে গোসলে নেমে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজারে ঘুরতে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা ও ছেলে একসাথে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তারা ক্রমাগত রক্ত বমি করে ও একপর্যায়ে মারা যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।