গাজীপুর মহানগরের দু’টি কারখানার ছাটাইকৃত শ্রমিকরা বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে। অপর ঘটনায় কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১১ মে) সকাল ৮টা থেকে একই মালিকানাধীন মহানগরের তিন সড়ক এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ানস বিডি কারখানার ছাটাইকৃত শ্রমিকরা ১৪ মাসের বকেয়া পাওনার দাবি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএিমপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, গত রমজানের ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করেছিল কারখানা কর্তৃপক্ষ। ওই সময় ঘোষণা দিয়েছিল, সকল বকেয়া পাওনা চলতি মে মাসের ৭ তারিখ পরিশোধ করা হবে। তিন দিন বকেয়া পাওনার জন্য অপেক্ষা করে মালিক পক্ষের কোনো সিদ্ধান্ত না পাওয়ায় রোববার সকালে তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় মালিক পক্ষের লোকজনের হামলায় তাদের পাঁচ নারী সহকর্মী আহত হয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান বলেন, ওই কারখানা দু’টির ২০২৩ সালে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।

এসব বিষয়ে স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ানস বিডি কারখানার মালিক পক্ষের কারো সাথে যোগাযোগ চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

এদিকে গাজীপুর নগরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কারখানা গেটে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রোববার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানা রয়েছে। বকেয়া বেতন ও কাজের দর বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে ওই কারখানায় কর্মরত শ্রমিকেরা রোববার সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

নোটিশে লেখা রয়েছে, ‘মার্ক সোয়েটার লিমিটেড কারখানার সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান বে-আইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে ধারা-১০(১) অনুযায়ী ১১ মে (রোববার) থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো। উল্লেখ্য, নিরাপত্তা প্রহরী এবং প্রশাসনিক কাজে নিযোজিত ব্যক্তিরা এই নোটিশের আওতামুক্ত থাকবে। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেয়া হবে।’

আন্দোলনরত শ্রমিকরা জানান, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। তাদের এ ব্যপারে কাজের দর প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখেন যে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ। এসময় তারা কারখানা খুলে দেয়ার জন্য বিক্ষোভ করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, ‘কাজের রেট, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েকদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছিল। যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এ কারণে শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। তবে পরিবেশ শান্ত রয়েছে।’

কারখানা কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকৃতি জানায়।