ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে জামায়াতের জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে একটি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।

এ সময় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, জামায়াতের খাগড়াছড়ি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জামায়াতের খাগড়াছড়ি শাখার সেক্রেটারি মিনহাজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলি হামলা এবং ভারতে নামাজরত মুসল্লিদের ওপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বাংলাদেশ সরকারসহ সকল মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইসরাইলি সকল পণ্য বর্জনসহ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি পণ্য নিষিদ্ধ ঘোষণার দাবি জানান বক্তারা।

এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।