কক্সবাজারের কলাতলীতে যুবলীগের ঝটিকা মিছিলের পর পুলিশের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৭ মে) ভোর রাতে তাদেরকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার মমিনুল হকের ছেলে ও কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসাইন, কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়ার মোহাম্মদ কায়সারের ছেলে আনোয়ার শাকিল এবং ১ নম্বর ওয়ার্ডের মরহুম মঞ্জুর আলমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
এর আগে মঙ্গলবার ভোরে শহরের কলাতলী ডলফিন মোড় থেকে কক্সবাজার জেলা যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। ১০ থেকে ১৫ জনের এ মিছিলে যুবলীগ নেতা মুনাফ সিকদারসহ বেশ কয়েকজনকে দেখা যায়।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়।’