ভোলার দৌলতখানে তিনটি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ এবং ৯ হাজার টাকার জাল নোটসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা মধ্যরাতে ভোলার দৌলতখান উপজেলার মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র ও জাল টাকাসহ তিনজন ডাকাতকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। তারা সবাই উপজেলার মদনপুর চরের বাসিন্দা।
উদ্ধার অবৈধ অস্ত্র ও আটক ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিফ্রিংয়ে জানানো হয়।
বিফ্রিংয়ে রিফাত আহমেদ আরো জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন অঞ্চলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।