প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদলের নেতা হত্যার পরও কোনো মিডিয়া কাভারেজ নেই, মিডিয়া চুপ। আমরা কি আবারো কোনো ফ্যাসিস্ট শাসনের অধীনে বসবাস করছি?’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। আমাদের অপরাধ কী? আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত।
তিনি বলেন, এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।
কর্মসূচি শেষে নেতারা দ্রুততম সময়ে বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।