কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।
আদেশের বিষয় নিশ্চিত করে চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, চকরিয়া থানায় ১৪ দিনের রিমান্ড শেষে আজ সকালে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো বলেন, এর আগে ১৮ জুন পেকুয়া থানার দুটি মামলায় জাফর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। নতুন করে তিন দিনসহ মোট সাত দিনের রিমান্ডের জন্য জাফর আলমকে সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়।
চকরিয়া আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের একটি কেন্দ্র দখলের ঘটনায় জাফর আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজ সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’