ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম বলেছেন, ‘বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলকে ছাড় দেয়া হবে না। ঢাকাসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

সোমবার (২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজউকের নারায়ণগঞ্জ জোনাল অফিস (জোন-৮)-এর নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। নির্মাণাধীন ভবনে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং রাজউকের কোনো কর্মকর্তা অনিয়মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনিব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে অতীতে অনিয়মে জড়িত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রাজউক সবসময় বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়তে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। তাই জনগণেরও উচিত নিয়ম মেনে ভবন নির্মাণ করা এবং রাজউককে সহযোগিতা করা।’

অনুষ্ঠানে রাজউকের সদস্য (যুগ্মসচিব) ড. মো: আলম মোস্তফা, সদস্য হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল অফিসের অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।