গাজীপুর মগানগরীর কোনাবাড়ি দেউলিয়াবাড়ি (বেলতালা) এলাকায় ঝুট (তুলার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছোট-বড় মিলিয়ে অন্তত ২০টির মতো গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ মে) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তিনটি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর, সোহেলসহ তাদের সহযোগীদের মালিকানাধীন তুলা তৈরি ঝুটের গুদামে প্রথমে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পাশের সারাব ফায়ার সার্ভিসও যোগ দেয় আগুন নেভানোর কাজে। অবশেষে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে ২০টির মতো ঝুট গুদাম পুড়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।