কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোররাত ২টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া সেতুর নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দ্বিনল বন্দুক, একটি হেলার, একটি গ্যাস মাস্ক, দু’টি গামবুট, একটি রেলিং পাইপ, একটি লেগ গার্ড এবং অস্ত্রের দু’টি সিনিয়িং।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মছিউর রহমান জানান, ৮ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য নাঈমুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ৫ আগস্ট পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ঈদগাঁও থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। সেই ঘটনার পর থেকেই অস্ত্রগুলোর সন্ধান পাওয়া যাচ্ছিল না।
ওসি মো: মছিউর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো আগস্টের ঘটনার মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। কারা এগুলো সেখানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।