ভোলার লালমোহনে কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১৬ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা কোস্ট গার্ড আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় সন্দেহজনক তিনটি গুদাম তল্লাশি করে প্রায় পাঁচ কোটি তিন লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: সালমান বিন শওকত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।