গাজীপুরে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই, গাজীপুরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো: সাইদুর রহমান জানান, পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফর্টিফাইড সয়াবিন তেল ও সরিষার তেল বিক্রয়-বিতরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স গ্রহণ করেনি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে সয়াবিন তেল ওজনে কম দেয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়-বিতরণের অভিযোগে ১ লাখ টাকা এবং মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকে একই অভিযোগে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই, গাজীপুরের উপ-পরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) মো: সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো: রিয়াজ হোসেন মোল্লা, মোহাম্মদ পারভেজ মিয়া ও প্রকৌশলী ফাহাদ আহমেদ, প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র‌্যাব-১-এর একটি দল সার্বিক সহযোগিতা করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিতকরণ এবং অননুমোদিতভাবে মানহীন বা অনুমোদনহীন পণ্য বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।