আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চালানোর জেরে গাজীপুরে একটি হোটেলে ভাংচুর করেছে স্থানীয় তৌহিদী জনতা। এসময় তারা হোটেলের বিভিন্ন অসবাবপত্র পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে।
যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জলকামান ব্যবহার করে আগুন নেভালে যানবাহন পুনরায় চলাচল শুরু করে।
শনিবার (২২ মার্চ) মহনগরীর ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের পাশে হোটেল প্রাইম ইনে (আবাসিক) ওই ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, ভোগড়া এলাকার আবাসিক হোটেল ‘প্রাইম ইন’-এ অনৈতিক কার্যলাপ পরিচালিত হওয়ার প্রতিবাদে শনিবার সকালে একদল তৌহিদী জনতা হামলা চালায়। এসময় তারা হোটেলে ব্যাপক ভাংচুর করে এবং হোটেলের ভেতর থেকে অসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলকামান ব্যবহার করে আগুন নেভালে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় দেড় ঘণ্টা পর সকাল পৌনে ৯টার দিকে যানবাহন চলাচল শুরু করে।