বরিশালের গৌরনদীতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে পার্কটি উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাজীব হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিশু-কিশোর ও সাংবাদিকরা।
আশা করা হচ্ছে, ডাকবাংলোর সামনে নির্মিত এই পার্কটি শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিন বিকেলে জেলা প্রশাসক উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউট ও মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার এবং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনিরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের শিশু পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি উপজেলায় এমন উদ্যোগ নেয়া প্রয়োজন।’
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘শিশুদের আনন্দ ও বিকাশের কথা ভেবেই এই পার্কের পরিকল্পনা নেয়া হয়েছিল। এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং একটি পরিবারবান্ধব স্থানে পরিণত হবে বলে আমরা আশাবাদী।’