ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (৪ মে) সন্ধ্যার দিকে এ ঘোষণা দেয়া হয়। এ সময় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার আটটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় যাত্রী ওঠানোর সময় অটোরিকশা শ্রমিকদের বাধা দেন বাস শ্রমিকরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে বাস ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনার বিচার দাবিতে উভয়পক্ষ পৃথকভাবে বিক্ষোভ করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাসশ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

বাসশ্রমিকদের অভিযোগ, অটোরিকশা শ্রমিকদের হামলায় এক বাসচালকসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

অটোরিকশা শ্রমিকদের অভিযোগ, বাসশ্রমিকরা বিনা কারণে প্রথমে অটোরিকশা শ্রমিকদের ওপর হামলা এবং মারধর করেন।

ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) শরীফুর হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান তিনি।