গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় রহিমা আত্তার (৬০) নামে মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধা নিহত হয়েছেন। একইসাথে গুরুতর আহত হয়েছেন তার ছেলে।

রোববার (১১ মে) বিকেলে মহানগরীর ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রহিমা আত্তার স্থানীয় আদাবই গ্রামের শহিদ তালুকদারের স্ত্রী।

এলাকাবাসী জানায়, বিকেলে রহিমা তার ছেলের সাথে মোটরসাইকেলযোগে হায়দ্রাবাদ এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রহিমা। এ সময় আহত হন তার ছেলে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।