নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণের আগুনে দগ্ধ দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে সোমবার সকালে জানান হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

নিরাপত্তাকর্মীরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মরহুম মো: শফিকের ছেলে মো: আব্দুল হান্নান (৫০) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার মো: রফিকের ছেলে কবির হোসেন (৪৫)।

তারা দু’জনই রূপসী কাজীপাড়া এলাকার জৈনপুরী আশরাফিয়া টেক্সটাইল মিলের নিরাপত্তাকর্মী।

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির। সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এর আগে রাত ২টা ৪০ মিনিকে আইসিইউতে মারা যান হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।’

অগ্নিকাণ্ডে কারখানাটির চারজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সাইফুল ইসলাম (৩২) নামে একজন এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছিলেন, ‘পহেলা মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার ব্লাস্ট হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হন।’

বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন বলেও জানান তিনি।

তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

সোমবার দুপুরে তিনি বলেন, ‘ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে আমরা ফলোআপ রাখছি। তবে কোনো পক্ষ চাইলে এই ঘটনায় মামলা দায়ের করতে পারে।’