‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের অংশ হিসেবে ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ডভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ডভ্যানটি আটকিয়ে দেয়া হয়।

বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে।

এ আন্দোলনের ধারাবাহিকতায় গেল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ডভ্যান আটকিয়ে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ডভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলীপ্যাড রোডে নিয়ে রাখে।

এদিন সকাল ১১ টায় ‘ভোলার ঘরে ঘরে গ্যাস চাই’, ‘গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন’, ‘মেডিক্যাল কলেজ স্থাপন’, ‘ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল’ ও ‘ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ’সহ পাঁচ দফা দাবিতে কে. জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদ এক মানববন্ধনের আয়োজন করে।