কক্সবাজারের চকরিয়া-বাঁশখালী সড়কের চকরিয়া উপজেলার ঈদমনি লাল সেতু এলাকায় সড়কের পাশ থেকে ছুরিকাঘাতে নিহত বুলবুল আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছ পুলিশ।

বুধবার (১১জুন) ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাল সেতু এলাকায় এক রক্তাক্ত নারীর লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় বাসিন্দারা চকরিয়া থানার পুলিশকে খবর দিলে রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর দু’পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বুলবুল আক্তার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর দু’পাশে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। এখনো মৃত্যু রহস্য জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে।