জামালপুরের বকশীগঞ্জে আজমাইন হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টার সময় পৌর এলাকার ধুমালীপাড়া গ্রামে নিজঘর থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আজমাইন হোসেন ধুমালীপাড়া গ্রামের মো: তৌফিক হোসেন সোহেলের ছেলে।

জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে আজমাইন তার রুমে ঘুমানোর জন্য যায়। তার বাবা তৌফিক হোসেন ধুমালীপাড়া মোড় থেকে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে এসে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের থেকে জানা গেছে, আজমাইন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাকে জামালপুর জেলা শহরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। ঈদের দুইদিন আগে আজমাইনকে বাড়িতে নিয়ে আসেন তার বাবা। স্থানীয়দের ধারণা, মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।