কক্সবাজারের চকরিয়ায় চকরিয়া-লামা-আলীকদম সড়কে গাছ ফেলে, রাস্তায় ব্যারিকেট দিয়ে পর্যটকের লাশের গাড়িসহ কয়েকটি গাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরফাত রহমান (২৮) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলায় দু’জন পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশ। পরেত তাদের স্বজনরা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ফিরছিলেন। পথে চকরিয়া-লামা-আলীকদম সড়কের চকরিয়া অংশের ফাঁসিয়াখালী সেতুর পাশে ছয়-সাতজনের ডাকাতদল গাছ কেটে রাস্তায় ব্যারিকেট দিয়ে লাশের গাড়িতে থাকা স্বজনদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়ে যায়।এ সময় আরোও কয়েকটি যাত্রীবাহী গাড়িতে ডাকাতি করা হয়। ডাকাতির খবর পেয়ে পাশের ফরেস্ট অফিসের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় বনের ভেতর লুকিয়ে থাকা আরফাত রহমান নামে এক ডাকাতকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ডাকাতি নয়, ছিনতাই হয়েছে বলে দাবি করেন। এ সময় আরফাত রহমান নামে একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর বলেও ওসি জানান।