শিক্ষার মানোন্নয়ন ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র পর্যবেক্ষণের লক্ষ্যে গৌরনদীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক রফিকুল ইসলাম খান হেলাল।

শনিবার দিনব্যাপী এ সফরে তিনি প্রথমে উপজেলার ঐতিহ্যবাহী হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের একাডেমিক ভবন, খেলার মাঠ, পাঠদান পরিবেশ ও জমির কাগজপত্র দেখেন। প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ শেষে তিনি পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন এবং শিক্ষার গুণগত মান রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ফোকাস নিউজের চেয়ারম্যান ও সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন, বরিশাল বিএম কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, এএম জামাল হোসেন মজনু, প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, পূর্ব হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পরে তিনি উপজেলার মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয় এবং নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে মতবিনিময় এবং শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শৃঙ্খলার বিষয়গুলো গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শক রফিকুল ইসলাম খান বলেন, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা প্রশংসার দাবি রাখে। শিক্ষার গুণগত মান ধরে রাখতে নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণের বিকল্প নেই।