বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কোরআন ক্যাডেট মাদরাসায় ১৯ জন কোমলমতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের নাজরানা সবক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে মাদরাসা হলরুমে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো: হাদিউজ্জামান তানভিরের সভাপতিত্বে আয়োজিত এ পবিত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বন্দর সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ মাওলানা মো: আবদুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মুফতি মো: আরিফ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাংবাদিক বিএম বেলাল, উত্তর বিজয়পুর মোহাম্মদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো: আমানত সাহ্, কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: সালাহউদ্দিনসহ বিভিন্ন স্তরের ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মাওলানা আবদুল হাকিম তার বক্তব্যে বলেন, ‘এই কোরআনের পাখিরাই আগামী প্রজন্মের বাতিঘর। যারা কোরআনকে হৃদয়ে ধারণ করে, তারা শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকে জাগিয়ে তুলতে পারে।’
শেষে প্রধান অতিথি এসব কোরআনের পাখিকে দীপ্তিময় ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও হিফজের পূর্ণতা লাভের জন্য দোয়া করেন।