কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় গণডাকাতি ও তিন যাত্রীকে অপহরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঈদগড়ের ব্যবসায়ী আবুল কাশেম জানান, যাত্রীবাহী দু’টি সিএনজি অটোরিকশা এবং মাছ বহনে ব্যবহৃত ঈদগাঁওগামী একটি মিনি পিকআপ উক্ত স্থানে পৌঁছামাত্র সড়কের ওপর গাছ ফেলে যানবাহনগুলো আটকিয়ে দেয় ডাকতরা। এরপর গণডাকাতি শুরু করে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল। এ সময় একটি সিএনজি অটোরিকশা পালিয়ে রক্ষা পেলেও অপর দুই গাড়ির যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। পরে তিন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ি বনের দিকে নিয়ে যায় ডাকাতদল। অপহৃতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুইন্না পাড়ার শাহজাহানের ছেলে মো: শাহেদ (১৮) ও একই ওয়ার্ডের ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান। তারা উভয়ে মাছ ব্যবসায়ী। অন্য অপহৃত ব্যক্তি পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।