গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কে মহানগরের সালনা সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: নাদিরুজ্জামান বলেন, ‘লাইনচ্যুতির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে রওনা দিচ্ছি। কী কারণে বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।’

এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘রেলপথে চলাচল স্বাভাবিক করতে ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।’