ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ক্রয়ে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ শনিবার নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। সেগুলো বাতিল করে স্মার্টকার্ড চালু করা হলে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।’

এবার বোরো ধানের ভালো ফলন হওয়ায় খাদ্য মজুদ ভালো অবস্থায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চালের দাম সহনীয় পর্যায়ে থাকলেও দাম অতিরিক্ত কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বোরোর পাশাপাশি অন্য ফসলের উৎপাদন ভালো হলে টিসিবির কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো সম্ভব হবে।’

তিনি জানান, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর মাত্র ১০ লাখ টন দেশে উৎপাদিত হয়, বাকিটা আমদানি করতে হয়।’

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।