প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের নাগরিকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। আগামী বুধবার নগরীর আটটি জোন এলাকায় ১১টি গরু জবাই করে প্রতিকেজি গোশত ৫০০ টাকা দরে দেয়া হবে।

সোমবার (২৪ মার্চ) গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মাসিক সভা শেষে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্বল্প আয়ের বহু মানুষ বসবাস করেন। বাজারে গোশতের মূল্য বেশি হওয়ায় স্বল্প আয়ের অনেকেই নিয়মিত গোশত কিনে খেতে পারেন না। তারা যাতে কম মূল্যে গোশত কিনে পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারেন এজন্য প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে করেছে সিটি করপোরেশন।

স্বল্প আয়ের মানুষের প্রতিটি পরিবারের কাছে সর্বোচ্চ এক কেজি গরুর গোশত বিক্রি করা হবে। এর বেশি কাউকে দেয়া হবে না। প্রতি কেজি গোশতের মূল্য হবে ৫০০ টাকা। এ ক্ষেত্রে ভর্তুকি দিবে গাজীপুর সিটি করপোরেশন।

তিনি আরো জানান, ইতোমধ্যে প্রায় পাঁচ থেকে ছয় মণ ওজনের প্রতিটি গরু দেড় থেকে দু’লাখ টাকা মূল্যে ১১টি গরু কেনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।