হাসপাতালের রোগীদের কষ্ট লাঘবে হুইলচেয়ার দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ তিন শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে হুইলচেয়ার হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা।
‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালটি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এ সময় তিনি হাসপাতালের নতুন ভবন ঘুরে দেখেন এবং দ্রুত সেখানে স্থানান্তরের পরামর্শ দেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট সার্জন, কনসালটেন্টসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
হাসপাতালে হুইলচেয়ারের সংকট থাকায় রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে পাঁচটি হুইলচেয়ার সরবরাহ করেন। এছাড়াও চিকিৎসকদের আবাসন সুবিধা ও আনসার সদস্যদের জন্য পৃথক আবাসন নির্মাণের প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন এবং আনসারদের জন্য একটি আবাসন ভবন নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় জাহিদুল ইসলাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশগত অবস্থা পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, হাসপাতালকে সবসময় পরিচ্ছন্ন ও সেবাবান্ধব রাখতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, সেবাগ্রহীতাদের জন্য মানবিক, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। তিনি হাসপাতালকে একটি সুগঠিত, আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যখাতে একটি গুণগত পরিবর্তনের সূচনা হবে এবং নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও মানবিক শহরে রূপান্তর করার লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হবে বলে জেলা প্রশাসনের প্রত্যাশা।