সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবাগত কনস্টেবলদের বরণ ও পাঁচ দিনব্যাপী ব্যবহারিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) এসএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো: রেজাউল করিম, পিপিএম-সেবা। তিনি নবাগত সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পেশাগত শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা এবং জনসেবার মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সদ্য নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণকালীন প্রস্তুতি ও অভিজ্ঞতা সম্পর্কেও খোঁজখবর নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস। প্রশিক্ষণে অংশ নিয়েছেন মোট ২০০ জন নবাগত কনস্টেবল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো: রিয়াজুল কবির পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আফজাল হোসেনসহ এসএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কার্যক্রম নবাগত পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের পূর্বপ্রস্তুতি হিসেবে বাস্তবভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, আচরণগত উন্নয়ন ও দায়িত্ববোধ গঠনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।