গাজীপুরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিকৃত লালসা চরিতার্থ করার সময় পান-সিগারেট বিক্রেতাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো: মাইদ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ক্লুলেস এ ঘটনায় নিহতের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
বুধবার (৯ এপ্রিল) পিবিআই-এর গাজীপুরের পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার হওয়া মো: মাইদ হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার খলিশাকুড়ি এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে এবং নিহত মো: আল আমিন (৩৫) শেরপুর জেলা সদরের পাকুরিয়া ফকিরপাড়া এলাকার আসাব আলী মীরের ছেলে বলে জানা গেছে।
পিবিআইর পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ জানান, গাজীপুরের চান্দনা (পূর্বপাড়া) গ্রামের ভাড়া বাড়িতে একা থেকে এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন আল আমিন। গত সোমবার (৭ এপ্রিল) প্রতিবেশীরা দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে ঘরের বিছানার উপর গলায় গামছা পেঁচানো অবস্থায় তার অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাসন থানায় মামলা করেন।
ক্লুলেস এ ঘটনার মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে অভিযানে নামে পিবিআই। তদন্তকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সোমবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর থানাধীন শৈলাট এলাকা হতে মাইদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার হওয়া মাইদ হোসেন ভিকটিম বকুল হত্যাকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে বিস্তারিত বর্ণনা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর প্রেক্ষিতে নিহতের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে পান-সিগারেট বিক্রেতা আল আমিন হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।
তিনি আরো জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মো: আল আমিন ভাসমান পান ও সিগারেটের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করত। গত ৩ এপ্রিল তার সাথে পরিচয় হয় বেকার যুবক মাইদ হোসেনের। এ সময় মাইদ হোসেনকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আল আমিন তার ভাড়া বাসায় নিয়ে যায়।
৫ এপ্রিল ভোরে আল আমিন তার বিকৃত লালসা চরিতার্থ করার সময় আল আমিনকে গলা টিপে হত্যা করে মাইদ হোসেন। পরে নিহতের গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে তার লাশ বিছানায় ফেলে রাখে। এ সময় নিহতের ব্যবহৃত বাটন মোবাইলফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাইদ হোসেন। এ ঘটনার দু’দিন পর ৭ এপ্রিল নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।