জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘বর্তমানে এ দেশের গবেষণা কার্যক্রম গুণগত মানসম্মত নয়। গবেষণা হতে হবে ফলপ্রসূ ও বিশ্বমানের। শুধু ডিগ্রির জন্য গবেষণা করে লাভ নেই। গুণগতমান নিশ্চিত করে গবেষণা করতে হবে।’
রোববার (২৭ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গবেষণার মানোন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এমফিল লিডিং টু পিএইচডি কার্যক্রম চালু করেছে। এর অংশ হিসেবে দেশবরেণ্য গবেষক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের গবেষণা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমফিল লিডিং টু পিএইচডি গবেষণার প্রয়োজনে যেকোনো ধরনের অ্যাকাডেমিক সহায়তা দেয়া হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মো: লুৎফর রহমান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সরদার আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: ফেরদৌস হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী ও অস্ট্রেলিয়ার সিডনি থেকে (জুমে সংযুক্ত) অধ্যাপক ড. শাহ এহসান হাবিব বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইএলবিএসয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আওলাদ হোসেন। অনুষ্ঠানে এমফিল টু লিডিং পিএইচডি চতুর্থ ব্যাচের ১২ জন ফেলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।