নারায়ণগঞ্জ শহরের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন, সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল ও হাসান। মামলায় খালাস পেয়েছেন হকার লীগ নেতা আসাদ ও মহসিন।

জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইয়ুম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

জানা গেছে, শহরের বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে ফুটপাতে সাদেকের জুতার দোকানে চাকরি করতেন জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সাথে জুবায়েরের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে স্বপন তাকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরবর্তী সময়ে ভুক্তভোগী এর প্রতিবাদ করলে ইকবাল পাশের মহসিনের দোকান থেকে ধারালো চাকু এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে এবং অন্য আসামিরাও তাকে মারধর করে পালিয়ে যান। পরে জুবায়েরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মুক্তা ইকবালসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো পাঁচজনকে আসামি করে মামলা করেন।