ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো একজন।

সোমবার (৯ মে) সাড়ে ১২টার দিকে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ ইয়াসিন (৩২)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। আহত অপরজন তার বন্ধু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকেশ্বরী গ্রামের আমির হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৩)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের মদনপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় এলে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরতর আহত হয় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়।

ওই হাসপাতাল সূত্রে জানা যায়, ‘দুপুর পৌনে একটার দিকে তাদের হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে’।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: শওকত হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে হামদর্দ জেনারেল হাসপাতালে রয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।