গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির (জিডিইউ) কেন্দ্র ও উপকেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।

পরীক্ষার সময় কেন্দ্র ও উপকেন্দ্রসমূহ পরিদর্শন করেন জিডিইউ’র ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভিসি বলেন, ‘অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

জানা যায়, এ বছর ‘এ’ ইউনিটে মোট তিন হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে তিন হাজার ২২৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ৬৫৭ জন অনুপস্থিত ছিলেন। কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.০১ শতাংশ।