গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত রাব্বি (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ভোররাতে বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (১৯) রংপুরের পীরগঞ্জ থানার মিল্কি এলাকার আব্দুস সামাদের ছেলে। সে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেট গলির একটি বাড়িতে ভাড়া থেকে বাবার সাথে গোশত বিক্রি ও চায়ের দোকানের ব্যবসা করতো বলে জানা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে হয় মনিরুল ইসলাম। সে ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেট গলিতে যাওয়া মাত্রই পাঁচ যুবক তার পথরোধ করে তার কাছ থেকে এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে যুবকরা তার হাটুর উপরে একাধিক ছুরিকাঘাত করে এবং তার কাছে থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা মনিরুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। গোশত বিক্রির টাকা ছিনিয়ে নিতে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’