কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান পরিচালনা করে মায়ানমার থেকে পাচার করা ১৫৫টি গরু-মহিষ জব্দ করেছে উপজেলা প্রাশাসন।

মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসব গরু ও মহিষ জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের জিম্মায় রাখা হয়েছে।

শারমিন সুলতানা বলেন, ‘১৫৫টি গরু ও মহিষের বৈধ কোনো কাগজ দেখাতে না পারায় সেগুলো জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে। এসব পশু মায়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছিল।’

ঈদগাঁও বাজারের ইজারাদার আব্দুর রহিম বলেন, ‘মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন হওয়ায় গরু-মহিষগুলো বিভিন্ন বাজার থেকে এনে রাখা হয়েছে, আমাদের সব গরু-মহিষ বৈধ।

ঈদগাঁও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘জব্দ করা ১৫৫টি গরু ও মহিষ হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মছিউর রহমান বলেন, ‘অভিযানে পুলিশের সহায়তা ছিল। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়েছে। জব্দ হওয়া পশুগুলো চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।’

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা বলেন, ‘অভিযোগের ভিত্তিতেই অভিযানটি করা হয়েছে।’