সাভারে ফের দিন-দুপুরে দু’টি চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ত লুট করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও সিঅ্যান্ড এলাকায় আধা-ঘণ্টার ব্যবধানে দু’টি বাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহাসড়কে চলাচলরত যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে অনেকে। গত দু’ মাসে মহাসড়কের ব্যাংক টাউন ও সিঅ্যান্ড এলাকায় এ নিয়ে প্রায় অর্ধডজন যাত্রীবাহী বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় সাভার পরিবহনের ড্রাইভারকে আটক ও রাজধানীর দারুসসালাম থানা পুলিশ বাসটিকে জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক সিনিয়র সাংবাদিক জানান, দুপুর ১২টায় সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-০৭০৬) একটি বাসে করে তিনি পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে থামানো হলে তিনজন যুবক গাড়িতে ওঠে। পরে গাড়িটি ব্যাংকটাউন সেতুর ওপর পৌঁছালে নারী যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা মোবাইল ফোন, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায়।

তিনি বলেন, ‘ছিনতাইকারীরা তার স্ত্রীর গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের লকেটসহ এক ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে গেছে। এ সময় অন্যান্য নারী যাত্রীদের কাছ থেকে একইভাবে নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে বাসটির চালক এবং সহকারী ছিনতাইকারীদের সাথে জড়িত রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হলে ছিনতাইকারীদের তথ্য পাওয়া যেতে পারে।’

অপরদিকে, সকাল সাড়ে ১১টায় সাভারের সিঅ্যান্ড এলাকায় রাজধানী পরিবহনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ত লুট করে নিয়ে যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের এক ছাত্রী জানান, তিনি রেডিও কলোনী থেকে টিউশনি করে ক্যাম্পাসে ফেরার পথে সিঅ্যান্ডবির আগে রাজধানী পরিবহনে হঠাৎ করে তিনজন ছিনতাইকারী ওঠে। তিনজনের কাছেই চাকু ছিল। তাদের মধ্যে একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায়। অপর দু’জন চাকু দেখিয়ে সব নারী যাত্রীর স্বর্ণের চেইন, পুরুষ এক ব্যক্তির পকেটে থাকা ২০ হাজার টাকাসহ অস্ত্রের মুখে সর্বস্ত লুট করে নিয়ে গেছে।

ওই ছাত্রী বলেন, ‘আমরা কিভাবে যাতায়াত করব। দিনের বেলায় এ ধরনের ঘটনা।’

সাভারের টিআই বিস্ন পদ শর্মা সাভার পরিবহনের ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। বাসটি রাজধানীর দারুসসালাম থানা হেফাজতে নেয়া হয়েছে।

এ ব্যাপারে জানার জন্য সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়াকে একাধিকবার থানার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।