ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জৈনা বাজারের এইচডিএফ পোশাককারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা পর শ্রমিকদের সরিয়ে দেয়।
শ্রমিকরা জানায়, ঈদের আগে মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়েই কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) নোটিশ দিয়ে বৃহস্পতিবার বেতন-বোনাস পরিশোধের কথা জানানো হয়। কিন্তু বৃহস্পতিবার আবারো মঙ্গলবার (২২ এপ্রিল) কারখানা খোলার নোটিশ দেয়া হয়। কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া পরিশোধের বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়ে সময়ক্ষেপন করছে। আমাদের ন্যায্য বকেয়া পাওয়ার জন্য আজকে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, প্রায় ৩০০ শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।