বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই একটি ট্রলার ডুবে মনি বেগম (৪০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে পালরদী নদীর চর রমজানপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনি বেগম মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মরহুম আলম সরদারের স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে মুদি মালামাল বোঝাই একটি ট্রলার টরকী বন্দর থেকে হোসনাবাদের উদ্দেশে ছেড়ে যায়। পথে চর রমজানপুর ঘাটে নোঙর করার সময় অতিরিক্ত মালামালের চাপে ট্রলারটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। ট্রলারে থাকা চালকসহ দু’ পুরুষ যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ওই নারী যাত্রী নদীর স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেলে অভিযান চালিয়ে নদী থেকে মনি বেগমের লাশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তা গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন বলেন, ‘ট্রলারটি নোঙরের সময় ভারসাম্য হারিয়ে হঠাৎ ডুবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মালামাল বোঝাই থাকায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারায়।’