নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় অভিযানে গত পাঁচ বছরের উন্নয়ন প্রকল্প এবং চলমান প্রকল্পগুলোর নথিপত্র সংগ্রহ করেছে দুদক টিম।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন দুদকের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলাম।
অভিযানের বিষয়ে উপ-সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, ‘প্রধান কার্যালয়ের নির্দেশে বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালানো হয়েছে। বিগত পাঁচ বছরের প্রকল্প এবং বর্তমান প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে। কাজের পরিমাণ বেশি হওয়ায় বিস্তারিত যাচাইয়ের জন্য প্রকল্পগুলোর নথি নেয়া হয়েছে।’
তিনি আরো জানায়, ‘নথিগুলো পর্যালোচনা করে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে আইনিব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে অফিসে আবারো যাবো।’
বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার মঙ্গলবার রাতে জানান, ‘দুদকের একটি দল আমাদের অফিসে আসে এবং বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য চায়। আমরা তাদেরকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করেছি। অনেক প্রকল্পের নথি নিয়ে গেছেন তারা। আমরা দুদককে তথ্য দিয়ে সহযোগিতা করেছি।’