গাজীপুর সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। একের পর এক প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। কয়েক মাস আগে দুটি ম্যাকাও পাখি চুরির পর এবার চুরি হলো দু’টি শাবকসহ একটি প্রাপ্ত বয়স্ক আফ্রিকান লেমুর।

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২২ মার্চ দিবাগত রাতে পার্কে থাকা তিনটি লেমুর চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো কোনো পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি।

সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দু’টি লেমুরসহ ২০২ জোড়া বিপন্ন পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া প্রাণীগুলো পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মাধ্যমে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবারের মতো বাচ্চা দেয়। ২০২২ সালে একটি লেমুর মারা গেলে বাকি তিনটি পার্কে ছিল। সর্বশেষ এই তিনটি লেমুর চুরির ঘটনায় বেষ্টনী এখন পুরোপুরি ফাঁকা।

বনবিভাগ থেকে জানা গেছে, পার্ক থেকে লেমুর চুরির পর দেশে আর কোনো লেমুর অবশিষ্ট নেই।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা শারমিন আক্তার জানান, পার্ক থেকে তিনটি লেমুর চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং থানায় মামলা করা হয়েছে।