বকেয়া বেতন ও ঈদের আগেই বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাককারখানার শ্রমিকরা।
শনিবার (১৭ মে) গাজীপুরে টঙ্গীতে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয়দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানায়, গত এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এর পাশাপাশি ঈদুল আজহার আগে বোনাস আদায় নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে বারবার কারখানা কর্তৃপক্ষকে বললেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নামেন। কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছেন। প্রতিদিনের মতো শনিবার সকালে কারখানায় প্রবেশের পর তারা কিছুক্ষণ কাজ করে বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন।
ঘটনার পরপরই গাজীপুর শিল্প পুলিশ-২, টঙ্গী অঞ্চলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুততম সময়ে বকেয়া বেতন ও ঈদের আগেই বোনাস পরিশোধ না করলে তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।