কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছে এবং ১৫ জনের মতো আহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলায় হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহনের এ বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে বর্ষার কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদের পানিতে ডুবে যায়। এ সময় বাসে ৪০ জনের মতো যাত্রী ছিল। খবর পেয়ে রাত ১২টার দিকে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, রাত ২টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটিকে ক্রেন দিয়ে টেনে খাদ থেকে তুলতে সক্ষম হয়েছে। এ সময় গাড়ির নিচে চাপা পড়া একজন ও বাসের জানালায় ঝুলন্ত অবস্থায় একজনসহ দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দু’জনের লাশ হাইওয়ে থানায় রাখা রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।