ঝালকাঠির কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষার দু’টি কেন্দ্রে আরবী দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ পরিদর্শককে দায়িত্বে অবহেলার দায়ে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) কাঁঠলিয়া সদর মাদরাসা কেন্দ্র ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাঁঠালিয়া সদর ফাজিল মাদরাসা কেন্দ্রে একজন ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনজনকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া কাঁঠালিয়া সদর ফাজিল মাদরাসা কেন্দ্রে দু’জন কক্ষ পরিদর্শক ও আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনজন কক্ষ পরিদর্শককে পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান, ‘কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষায় দু’টি কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থী ও পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে পাঁচজন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’