বরিশালের গৌরনদীতে সরকারি একটি প্রকল্পের আওতায় মৎস্যজীবী পরিবারের মাঝে বাছুর বিতরণের সময় নিম্নমান ও কম ওজনের অভিযোগে বিতরণ কার্যক্রম স্থগিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
জানা গেছে, মঙ্গলবার (২০ মে) “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন” প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বাছুর বিতরণের আয়োজন করা হয়। তবে বিতরণ শুরুর আগেই নির্বাহী কর্মকর্তা গিয়ে পশুগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। দেখা যায়, নির্ধারিত গড় ওজন ৭০ কেজির পরিবর্তে বেশিরভাগ বাছুরের ওজন ৫০ থেকে ৫৫ কেজির মধ্যে এবং কিছু বাছুর শারীরিকভাবে দুর্বল।
বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে তিনি বিতরণ বন্ধ করেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে পশুগুলো ফেরত নিতে নির্দেশ দেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, ইউএনও স্যার নিজে উপস্থিত থেকে বাছুরগুলোর মান যাচাই করে অনিয়ম ধরা পড়ার পরপরই বিতরণ বন্ধ করে দেন।
ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে পরিবহনে ওজন কিছুটা কমেছে। তবে ইউএনও ওই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি এবং পরবর্তীতে মানসম্মত পশু সরবরাহের নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই প্রকল্পে অনিয়মের অভিযোগে তৎকালীন ইউএনও বিতরণ বন্ধ করেছিলেন।