গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৯৮ লাখ টাকা লুটের ঘটনায় দুই সহোদরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার হাসান বেপারীর ছেলে আব্দুর রহমান ওরফে রাজন (২৮), কিশোরগঞ্জের ইটনা থানার কাহনিয়া এলাকার মো: ফারুকের ছেলে রবিউল ইসলাম (৩০), পটুয়াখালীর গলাচিপা থানার ছোট চরশিবা এলাকার হাসান মৃধার দুই ছেলে উজ্জল ওরফে আমিনুর (৩৬) ও মিরাজ (২৫)। এদের মধ্যে আব্দুর রহমান ওই প্রতিষ্ঠাণের সুপাভাইজার এবং তারা সবাই গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন রিয়াজ টাওয়ারের ষষ্ঠ তলায় ‘মাল্টি পয়েন্ট বিডি’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পুলিশ পরিচয়ে ঢুকে ৯৮ লাখ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।

পিবিআই সূত্রে জানা যায়, রাজনের সাথে রবিউলের পরিচয় হয় প্রায় দুই মাস আগে। রাজন তাকে জানান, তাদের অফিসে অনলাইন ক্যাসিনো এবং অবৈধ লেনদেনের ব্যবসা হয়। এছাড়াও প্রতি মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে প্রতিষ্ঠানটিতে কোটি টাকার বেশি নগদ থাকে। পরে তারা পরিকল্পনা করে ডিবি পরিচয়ে ওই প্রতিষ্ঠানে ঢুকে টাকা লুট করে।

গত সোমবার তিন থেকে চারজন দুর্বৃত্ত অফিসে ঢুকে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে ভল্ট থেকে ৯৮ লাখ টাকা লুট করে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, উজ্জ্বল ঢাকায় মিন্টু রোডে ডিবি পুলিশে কর্মরত বলে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করত। গ্রেফতার আসামিদের আদালতে হাজির করা হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পিবিআই অবশিষ্ট টাকা উদ্ধার এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।