নারায়ণগঞ্জের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে পরিচিত হতে এসে শিক্ষার্থীদের জন্য চকলেট নিয়ে এসেছেন নতুন সভাপতি মশিউর রহমান রনি। নতুন সভাপতির হাত থেকে চকলেট উপহার পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।
স্কুলের শিক্ষক ও অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এটা একটা নতুন পন্থা। এতে নতুন নেতৃত্বের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা ও সম্মান আরো বাড়বে।
মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
জানা গেছে, শনিবার স্কুলের এডহক কমিটির পরিচিতি সভায় মশিউর রহমান রনি শিক্ষার্থীদের জন্য চকলেট নিয়ে আসেন। যা বিতরণ করেন নিজ হাতে।
রনি বলেন, ‘স্কুল হলো বৈষম্যহীন একটি জায়গা। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী বা রিকশাচালক- সবারই সমান অধিকার, সমান শিক্ষা পাবে। আমি আশা করি, এই বিদ্যালয় তার সুনাম ধরে রাখবে এবং আগামীতেও বৈষম্যহীন পরিবেশ বজায় রাখবে। একজন ডাক্তারের সন্তানের এই স্কুলে যে অধিকার রয়েছে, একজন রিকশাচালকের সন্তানেরও সমপরিমাণ অধিকার এই স্কুলে থাকবে। আমি যতদিন এই স্কুলের সভাপতি দায়িত্বে থাকব, আমি এই বিষয়গুলো ততদিন অক্ষরে অক্ষরে পালন করে যাব।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শরীফা মজিদ, থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।