গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ মে) রাতে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

জিএমপির উপ-কমিশনার রবিউল হাসান জানান, সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওনার গাড়ির চালকের ভাষ্যমতে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে পেছন থেকে এসে গাড়িতে হামলা করে। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন। এরপরই ওই এলাকায় আমরা অভিযান চালাচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।